হাসপাতাল থেকে পালাল ডাকাত, দুই পুলিশ বরখাস্ত

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় ডাকাত দলের এক সদস্য পালিয়ে গেছেন। গতকাল শুক্রবার সকালে ওয়াশরুমে যাওয়ার কথা বলে চম্পট দেন তিনি। পালিয়ে যাওয়া ডাকাত জালাল ওরফে স্প্রিং জালাল (৩২) মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্দেহভাজন পাঁচ ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় চার ডাকাত আহত হয়। তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। আর জালালকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে ওয়াশরুমে যাওয়ার কথা বলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় পাহারায় থাকা পুলিশ কনেস্টবল বিজয় কুমার ও ইফতেকারুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পুলিশ পাহারায় ডাকাত পালানোর ঘটনায় হবিগঞ্জ সদর সার্কেল এএসপি সাজিদুল হক মুন্সীকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন ডিআইও-১ কামরুল হোসেন ও ডিবি ওসি নন্দন কান্তি। এএসপি সাজিদুল হক মুন্সী জানান, ঘটনা তদন্ত করে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতের হামলায় নিহত হন ব্যবসায়ী মহসিন মিয়া। এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলায় করেন। পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।