চট্টগ্রাম নগরের ১৬ থানা এলাকায় আজ রাত থেকে শুরু হচ্ছে 'অপারেশন ডেভিল হান্ট’। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম।
সিএমপির এ কর্মকর্তা জানান, নগরের বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি আজ রাত থেকে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান যৌথভাবে পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়েছে।