পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশনা দেয়। এই জীবন বিধানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো পবিত্রতা ও পরিচ্ছন্নতা। ইসলামে পরিচ্ছন্নতা কেবল বাহ্যিক সুস্থতা বা শৃঙ্খলার অংশ নয়, বরং এটি ইমানের অঙ্গ হিসেবে গণ্য। কোরআন ও হাদিসে পরিচ্ছন্নতার গুরুত্ব বারবার তুলে ধরা হয়েছে। রাসুল (সা.) বলেছেন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। (সহিহ মুসলিম) এই হাদিসে রয়েছে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং সামাজিক সৌহার্দ্য বজায় রাখার স্পষ্ট নির্দেশনা। পরিচ্ছন্নতা মানুষকে নানাবিধ শারীরিক রোগ থেকে রক্ষা করে এবং মানসিকভাবে শান্ত ও সুস্থ থাকতে সহায়তা করে।

পরিচ্ছন্নতাকে দুইভাবে ভাগ করা যায়। বাহ্যিক পরিচ্ছন্নতা এবং অভ্যন্তরীণ শুদ্ধতা। বাহ্যিক পরিচ্ছন্নতা বলতে বোঝায় শরীর, কাপড়-চোপড়, বাসস্থান এবং আশপাশের পরিবেশকে পরিষ্কার রাখা। অন্যদিকে অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা হলো মন-মানসিকতার শুদ্ধতা, অহংকার, হিংসা ও বিদ্বেষমুক্ত থাকা। কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন পরিচ্ছন্নতার প্রতি যত্নবান ব্যক্তিদের।’ (সুরা বাকারাহ ২২২) শারীরিক পবিত্রতা ও পরিচ্ছন্নতা যেমন আল্লাহর সন্তুষ্টির কারণ, তেমনি আত্মিক শুদ্ধতাও ইমানের অপরিহার্য অংশ। ইসলাম এই দুইয়ের সমন্বয়ের মাধ্যমে মুসলমানদের জীবনকে আলোকিত করতে চায়।

ইসলামের প্রতিটি ইবাদতের মধ্যে পরিচ্ছন্নতার ছোঁয়া স্পষ্ট। মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওজু করা বাধ্যতামূলক, যার মাধ্যমে মুখ, হাত, পা ও নাক তথা শরীরের প্রধান অঙ্গগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। রাসুল (সা.) বলেছেন, যখন কোনো মুসলমান অজু করে, তখন তার মুখ ধোয়ার মাধ্যমে তার মুখ থেকে সব গুনাহ দূর হয়ে যায়, তার হাত ও পা ধোয়ার মাধ্যমে তার হাত ও পায়ের সব গুনাহও ধুয়ে যায়। এভাবে সে গুনাহমুক্ত হয়ে যায়। (সহিহ মুসলিম)

গবেষণায় দেখা গেছে, পরিচ্ছন্ন ও সুসংগঠিত পরিবেশে বসবাস করলে মানসিক চাপ কমে যায় এবং কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। ইসলাম পরিচ্ছন্নতার মাধ্যমে মানসিক প্রশান্তি ও আত্মিক শান্তি অর্জনের সুযোগ করে দেয়। পরিচ্ছন্নতা বজায় রেখে ইবাদত করলে অন্তরে প্রশান্তি আসে। অজু করার সময়ই এক ধরনের মানসিক প্রশান্তি অনুভূত হয়, যা আমাদের চাপ ও উদ্বেগ কমাতে সহায়তা করে। গোছানো পরিষ্কার-পরিচ্ছন্ন ঘরে থাকা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। এটি বিষন্নতা ও ক্লান্তি কমিয়ে দেয়। পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক ও পরিপাটি থাকা আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং অন্যের কাছে গ্রহণযোগ্যতা বাড়ায়। পরিচ্ছন্ন ব্যক্তি সুস্থ থাকে, আর সুস্থ ব্যক্তি ইবাদতে মনোযোগী হয়। একজন পরিচ্ছন্ন মানুষ সমাজের জন্যও কল্যাণকর। সুতরাং ইসলাম যে পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ হিসেবে গণ্য করেছে, তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এবং তা আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার ভিত্তি।