বন্ধ কারখানা চালুর দাবি শ্রমিকদের

কিশোরগঞ্জের ভৈরবে জব্বার জুটমিল বিনা নোটিসে বন্ধ করে রেখেছে মালিকপক্ষ। ফলে বেকার হয়ে পড়েছেন কয়েকশ শ্রমিক। শ্রমিকদের দাবি, রাতের আঁধারে পালিয়েছে জব্বার জুট মিলের মালিকপক্ষ। দ্রুত কারখানা চালু না হলে সড়ক, রেল ও নদীপথ অবরোধের ঘোষণা দিয়েছেন শ্রমিক। গতকাল শনিবার সকালে জুট মিলের ভেতরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা।

সমাবেশে বক্তব্য দেন শ্রমিক সর্দার জামাল মিয়া, জলিল মিয়া, মফিজ উদ্দিন, ইউসুফ মিয়া, নারীশ্রমিক সর্দার আইরিন বেগম, সাকিনা বেগম, রাজিয়া বেগম, জমিলা বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ২০২৩ সালে হঠাৎ কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। পরে গত বছরের ৬ অক্টোবর শ্রমিকদের বেতন আগের চেয়ে দৈনিক ৫০ টাকা করে বাড়ানোর আশ্বাস দিয়ে আবার মিল চালু করে। কিন্তু এক সপ্তাহ চালিয়ে বিনা নোটিসে আবার মিলটি বন্ধ করে দেওয়া হয়েছে।

শ্রমিক সর্দার জামাল মিয়া বলেন, ‘মিলটি যখন শুরু হয়েছিল, তখন ১ হাজার ২০০ কর্মচারী ছিলেন। এখন ৩৫০ কর্মচারী রয়েছেন। কিছু অসাধু কর্মকর্তার লুটপাটের কারণে মিলটি ধ্বংস হচ্ছে।’ এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি দ্রুত সময়ের মধ্যে মিলটি চালু না করা হয়, তাহলে আমরা আন্দোলন যাব। প্রয়োজনে নৌপথ, রেলপথ ও সড়কপথ অবরোধ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করব।’

এ বিষয়ে জব্বার জুট মিলের বিদ্যুৎ প্রকৌশলী মাহমুদুন্নবী বলেন, ‘মিলে পাট আনার যে মূল রাস্তাটি রয়েছে সেটি সংস্কারের কাজ চলছে। এ কারণে বর্তমানে মিলে পাট আনা যাচ্ছে না। তাই মিলটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রাস্তাটির সংস্কার শেষ হলে দ্রুত সময়ের মধ্যেই মিলের সব কার্যক্রম আবার চালু করা হবে।’