সাভারে টেক্সটাইল কারখানার ক্যামিকেলের গোডাউনে আগুন

সাভারে এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ক্যামিকেলের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় অবস্থিত প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইল মিলস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

কারখানাটির কর্মচারীরা জানায়, হঠাৎ করেই ক্যামিকেলের গোডাউনে থেকে ধোয়া বের হয়। এরপর সেখানে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে আমাদের কাছে থাকা পানি ও ফায়ার ডিস্টিংগুইসার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানোয় আগুন বেশি ছড়াতে পারেনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  

শিল্প পুলিশ জানায়, দুপুরে এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার এ জি এম এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স মনিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে ক্যামিকেল গোডাউনের পাশে থাকায় ওয়েস্টেজ মালামালে আগুন লাগে। ফায়ার সার্ভিস আসার আগে আমাদের লোকজন আগুন নিভিয়ে ফেলে। যে কারণে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব ছাড়া বলা যাবে না।