রটারডাম ওপেনের শিরোপার জন্য মুখোমুখি হতে যাচ্ছেন স্পেনের কার্লোস আলকারাজ ও অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনর। রবিবার অনুষ্ঠিতব্য ফাইনালে একে অপরের বিপক্ষে খেলবেন এই দুই তারকা, যেখানে আলকারাজের লক্ষ্য টুর্নামেন্টের প্রথম শিরোপা, আর ডি মিনর চাইবেন গতবারের রানার-আপ থাকার পর এবার চ্যাম্পিয়ন হতে।
সেমিফাইনালে পোল্যান্ডের হুবার্ট হুরকাচের বিপক্ষে দারুণ লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজ। ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-৩ সেটে জয় পেয়েছেন ২১ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিলেন আলকারাজ, ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকার পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম সেট জিতে নেন। দ্বিতীয় সেটে টাইব্রেকারে গড়ানো লড়াইয়ে হুরকাচ জয় পেলেও শেষ সেটে আবার দাপট দেখিয়ে ম্যাচ নিজের করে নেন আলকারাজ।
ম্যাচ শেষে আলকারাজ বলেন, ‘প্রথম সেটে ৬-০ তে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই আমি প্রতিটি পয়েন্টের জন্য লড়াই করেছি এবং সেটিই আমাকে ম্যাচে ফেরায়।’
অন্যদিকে, অ্যালেক্স ডি মিনর তার সেমিফাইনালে ইতালির ম্যাটিয়া বেলুচ্চিকে ৬-১, ৬-২ সেটে সহজেই পরাজিত করেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকা ২৫ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান গতবারের রানার-আপ ছিলেন এবং এবার ট্রফি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
সেমিফাইনালের আগে বেলুচ্চি রাশিয়ার দানিল মেদভেদেভ ও গ্রিসের স্টেফানোস সিসিপাসকে হারিয়ে চমক দেখান। তবে ডি মিনরের বিপক্ষে তিনি কোনো প্রতিরোধই গড়তে পারেননি।
ডি মিনর বলেন, ‘ডাচ দর্শকরা আমাকে সবসময়ই ভালোবাসা দেখায়। গতবার ফাইনালে হেরে গিয়েছিলাম, এবার চেষ্টা করবো শিরোপা জিততে।’
ডালাস ওপেনের ফাইনালে রুড-শাপোভালভ
এদিকে, যুক্তরাষ্ট্রে চলমান ডালাস ওপেনের ফাইনালে মুখোমুখি হচ্ছেন নরওয়ের ক্যাসপার রুড ও কানাডার ডেনিস শাপোভালভ। বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় রুড সেমিফাইনালে স্পেনের জাউমে মুনারকে ৬-২, ২-৬, ৭-৬ (৭-৪) সেটে হারান। আর শাপোভালভ ৭-৫, ৬-৩ ব্যবধানে যুক্তরাষ্ট্রের টমি পলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন।
রটারডাম ও ডালাস ওপেন—দুই জায়গায়ই রোববার শিরোপার লড়াই জমে উঠবে। এবার দেখার পালা, কে হাসবেন শেষ হাসি!