শ্রীলঙ্কার মাটিতে সাধারণত সফরকারী দলগুলোরই কন্ডিশন নিয়ে আক্ষেপ করার রীতি। কিন্তু অস্ট্রেলিয়া এবার সেই ধারাই উল্টে দিয়েছে। গলে টানা দুটি টেস্টে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে অজিরা প্রমাণ করেছে, স্পিন-বান্ধব পিচেও তারা আধিপত্য বিস্তার করতে পারে। এবার প্রশ্ন উঠেছে, শ্রীলঙ্কাকে কি এতটা স্পিন সহায়ক উইকেটেই খেলে যাওয়া উচিত?
দ্বিতীয় টেস্টে নয় উইকেটের হার নিশ্চিত হওয়ার পর শ্রীলঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বললেন, ‘আমাদের ভাবতে হবে, আমরা আদৌ স্পিন ভালো খেলতে পারছি কি না।’
গল শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী ঘূর্ণি স্বর্গ, যেখানে সফরকারী দলগুলোর বিরুদ্ধে বরাবরই ভয়ঙ্কর হয়ে ওঠে লঙ্কান স্পিনাররা। কিন্তু এবার সেই অস্ত্রেই যেন নিজেদের কবর খুঁড়েছে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১৫০ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের ইতিহাসের সবচেয়ে বড় টেস্ট পরাজয়ের স্বাদ দেয়। এরপর দ্বিতীয় টেস্টেও দাপুটে জয় তুলে নেয় অতিথিরা।
পরিসংখ্যানও বলছে, গল শ্রীলঙ্কার জন্য আর আগের মতো দুর্গ হয়ে নেই। ২০২০ সালের পর থেকে ঘরের মাঠে ১৯টি টেস্ট খেলেছে শ্রীলঙ্কা, যার মধ্যে ১৫টিই হয়েছে গলে। তবে এই ১৫ ম্যাচের মধ্যে সাতটিতে তারা হেরেছে, জিতেছে আটটি। এমনকি ইংল্যান্ড ও পাকিস্তানও এখানে শ্রীলঙ্কাকে হারিয়ে গেছে।
ধনাঞ্জয়া মনে করেন, কেবল স্পিন-বান্ধব উইকেটের ওপর নির্ভর করা দলের সামগ্রিক উন্নতির জন্য ভালো হচ্ছে না। তাই পলেকেলে, এসএসসি এবং পি সারা ওভালের মতো বিকল্প ভেন্যুতে আরও বেশি ম্যাচ আয়োজন করা উচিত।
তিনি বলেন, ‘বাকি ভেন্যুগুলোতে আমার রেকর্ড ভালো, এবং আমাদের ব্যাটিং গড়ও অন্য দেশগুলোর তুলনায় কম। কারণ আমরা সবসময় স্পিন সহায়ক উইকেটে খেলি।’ তবে শুধু উইকেট নয়, ব্যাটিংয়েও নিজেদের উন্নতি করার তাগিদ দিলেন শ্রীলঙ্কান অধিনায়ক।
ধনাঞ্জয়া ব্যাটারদের ব্যর্থতার দিকটিও তুলে ধরেন। দুই দলই সিরিজে ছয়টি হাফসেঞ্চুরি করলেও, যেখানে অস্ট্রেলিয়ার পাঁচজন ব্যাটার সেঞ্চুরিতে পরিণত করেছেন, সেখানে শ্রীলঙ্কার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৮৫*!
তিনি বলেন, ‘এই ধরনের উইকেটে রান তোলা কঠিন, তাই সেট ব্যাটারদের বড় ইনিংস খেলতেই হবে। অস্ট্রেলিয়ার প্রতিটি ইনিংসে দুইজন করে ব্যাটার রান পেয়েছে, কিন্তু তারা সেটা বড় ইনিংসে পরিণত করেছে। আমাদেরও সেটাই করতে হবে।’
শ্রীলঙ্কা কি গলের পিচের ওপর নির্ভরশীলতা কমিয়ে নতুন কৌশলে যাবে? নাকি এই হার শুধুই একটা ধাক্কা? সময়ই বলে দেবে!
রোহিতকে ‘স্বার্থপর’ বললেন গাভাস্কার
২৪৮-এর পর এবার ৩০৪
মুশফিকের সেলফিতে ফরচুন বরিশালের বিপিএল শিরোপা উদযাপন