জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে হামজা, সাকিব আর ফাহামেদুল!

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৮ পিএম

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বের জন্য ৩৮ সদস্যের তালিকা প্রস্তুত করেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। যে তালিকায় স্বাভাবিকভাবে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী। তবে কাবরেরার তালিকার শেষ নামটি চমক জাগানিয়া ফাহামেদুল ইসলাম। ইতালি প্রবাসী ১৮ বছরের তরুণ মিডিফিল্ডারকে ট্রায়ালে পরখ করতে চান কোচ। ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া সেলসিওর হয়ে খেলা ফাহামেদুলের জন্ম বাংলাদেশের ফেনীতে। তবে বাবা-মায়ের সঙ্গে ইতালিতে পাড়ি দেন খুব কম বয়সে। 

গত বছর ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রীতি ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজে কাবরেরা রেখেছিলেন ২৬ ফুটবলার। সেই তালিকা থেকে এবার বাদ পড়েছেন ফর্টিস এফসির মিডফিল্ডার দিদারুল আলম এবং ঢাকা আবাহনীর ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। পুরানো ২৪ জনকেই রাখা হয়েছে। এর সঙ্গে ডাকা হয়েছে ১৪ ফুটবলার। যাদের মধ্যে নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া, লেস্টার সিটি থেকে সদ্য শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলতে যাওয়া মিডফিল্ডার হামজা চৌধুরী এবং ফিনল্যান্ডে সামরিক ট্রেনিং শেষে ফেরা ডিফেন্ডার তারিক কাজী অন্যতম।

৩৮ জনের তালিকায় গোলকিপার রাখা হয়েছে পাঁচজন। আগের স্কোয়াডে থাকা মিতুল মারমা, আনিসুর রহমান জিকো, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে রাখা ঞয়েছে মোহামেডানের দ্বিতীয় গোলকিপার সাকিব আল হাসানকে। ডিফেন্ডার ১৩ জন। তারিক কাজীর ফেরার পাশাপাশি রক্ষণের শক্তি বাড়াতে ডাকা হয়েছে দুই পুরানো মুখ ইয়াসিন খান ও সুশান্ত ত্রিপুরাকে। ইয়াসিন আবাহনীর হয়ে এবং সুশান্ত ব্রাদার্সের হয়ে আলো ছড়াচ্ছেন লিগে। এর বাইরে মোহামেডানের তরুণ ডিফেন্ডার জাহিদ হাসান শান্তকে ডেকেছেন কোচ। আটজন মিডফিল্ডারের মধ্যে জামাল ছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র। ৯জন ফরোয়ার্ডের মধ্যে নতুন করে ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসের রাব্বি হোসেন রাহুল এবং রফিকুল ইসলাম। ভালো পারফরম্যান্স করে নজড় কেড়ে ফের জাতীয় দলে ডাক পেয়েছেন আবাহনীর অভিজ্ঞ ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। লিগে স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ সাত গোল করা পুলিশ এফসির স্ট্রাইকার আল আমিনের জায়গা পাওয়াটা অনুমিতই ছিল। তবে রহমতগঞ্জের হয়ে নিজেকে নতুন করে চেনানো নাবিব নেওয়াজ জীবনকে ডাকেননি কোচ। 

ফাহামেদুল সম্পর্কে কাবরেরা বলেছেন, 'সম্ভাবণাময় তরুণ, লেফটব্যাক ও লেফট উইং পজিশনে খেলে। বয়স ১৮ হলেও ইউরোপের একটি ক্লাবের সিনিয়র দলে খেলছে। আশা করছি তার সংযুক্তি দলের শক্তি বাড়াবে। আর অবশ্যই হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডের হয়ে শেষ দুটি ম্যাচেই খেলেছে। ওর দলের সঙ্গে যোগ দেওয়াটা বড় ব্যাপার। এই ৩৮ জনের মধ্য থেকে সম্ভবত আমরা ২৮জনের একটা তালিকা করবো, যাদের নিয়ে আমরা ঢাকা ও সৌদি আরবে ট্রেনিং করবো।'

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দেশে কাবরেরা শুরু করেন ক্যাম্প। এরপর মার্চের প্রথম সপ্তাহে দলের সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করতে যাওয়ার কথা। 

স্কোয়াডে জায়গা পেয়েছেন যারা

গোলরক্ষক:

মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান।

ডিফেন্ডার:

মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান।

মিডফিল্ডার:

মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড:

ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, ইমন শাহারিয়া, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ নোভা, ফাহমেদুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত