চেয়ারম্যানের কক্ষে ছাত্র-জনতার তালা

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুর ইসলাম মিঠুর কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র ও বিক্ষুব্ধ জনতা।

গতকাল রবিবার দুপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি কাজে পক্ষপাতিত্ব, ক্ষমতার অপব্যবহার ও সরকারবিরোধী নাশকতা সৃষ্টির অভিযোগ তুলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সারা দেশে আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল গতকাল দুপুরে দয়ারামপুর বাজার প্রদক্ষিণ করে। মিছিলটি ইউনিয়ন পরিষদ কার্যালয় অতিক্রমকালে চেয়ারম্যানের সমর্থকরা উসকানিমূলক কথা বললে উত্তেজনার সৃষ্টি হয়। এরপরই মিছিলে থাকা বিক্ষুব্ধ ছাত্র-জনতা চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং তার নেমপ্লেট ভেঙে ফেলে। তবে এ সময় চেয়ারম্যান পরিষদে ছিলেন না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোনায়েম ইসলাম রুমী অভিযোগ করেন, ‘চেয়ারম্যান মিঠু সরকারবিরোধী নাশকতা সৃষ্টির জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময় পরিষদে মিটিং করেন। এ ছাড়া সরকারি সুবিধা সমবণ্টন না করে ক্ষমতার অপব্যবহার করে তা দলীয় নেতাকর্মীদের মধ্যে ভাগবাটোয়ারা করেন। এ থেকে জনরোষের সৃষ্টি হওয়ায় এ ঘটনা ঘটেছে।’

দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সচিব অনুপ কুমার চক্রবর্তী জানান, ‘আমি বাজার থেকে আসার সময় স্থানীয় কিছু লোক আমাকে থামতে বলেন। এরপর দেখি একটি মিছিল পরিষদ থেকে বের হয়ে আসছে। কিছুক্ষণ পর পরিষদে গিয়ে দেখি কিছু আসবাব ভাঙা। সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং স্বাভাবিক সেবা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করে।’

এ বিষয়ে চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু বলেন, ‘আমি পরিষদে ছিলাম না। তবে, শুনেছি আমার রুমে তালা দিয়েছে।’ তবে কারা তালা দিয়েছে এবং কেন দিয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, একটি বিক্ষোভ মিছিল কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্ররাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়। পরে পরিষদের বাইরে থাকা কয়েকটি চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।