শেখ হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী। আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। সফল হতে হলে ধীরে ধীরে এগোতে হবে। অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হয়। আলোকবর্তিকা জ্বালিয়ে এগিয়ে যেতে হবে।’

গতকাল রবিবার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষমাণ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে মির্জা আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ওয়াশিংটন যান। পরদিন লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান তার বাবার প্রতিনিধি হিসেবে ওই অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটন পৌঁছান। গত ৬ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এর এই অনুষ্ঠান হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজে।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’র চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা (অপারেশন ডেভিল হান্ট) কি ভাই। আমরা তো দেশের বাইরে ছিলাম। ডেভিল তো একমাত্র ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনে পরে একটা বোধদয় হয়েছে। সেজন্য তাদেরকে (অন্তর্বর্তী সরকার) ধন্যবাদ জানাচ্ছি।’

আরেক প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, ‘বাংলাদেশে ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। দুর্ভাগ্যের বিষয় হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। সবার কাছে আহ্বান জানাতে চাই। সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্থিতিশীলতার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের কাজ অব্যাহত রাখবেন।’ যুক্তরাষ্ট্রে তাদের সফর সফল হয়েছে বলেও জানান তিনি।’ মির্জা ফখরুল আরও বলেন, ‘ম্যাডাম লন্ডনে আছেন। তিনি ভালো আছেন, তার ট্রিটমেন্ট চলছে।’

এদিকে গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের প্রশিক্ষণ কর্মশালায় সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘অন্তবর্তী সরকারের সংস্কারের পেছনে অন্যকোনো উদ্দেশ্য আছে কি না তা দেখা প্রয়োজন। কোনো কাল বিলম্ব না করে সময়মতো, যৌক্তিক সময়ে নির্বাচন দিন, সবাই স্যালুট জানাবে।’

গয়েশ্বর বলেন, ‘জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে। এই অদৃশ্য শক্তিকে দৃশ্যমান করতে হবে। শেখ হাসিনা ষড়যন্ত্র করে কাপড় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন তারা আগামী দিনে কাপড় পরে পালানোরও পথ পাবেন না। আমরা দেখেছি, রাষ্ট্র পরিচালনায় সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই। প্রধান উপদেষ্টা বলেন এক কথা, তার সহকারীরা বলেন আরেক কথা। প্রধান উপদেষ্টার কথা উপদেষ্টামন্ডলীর সবার কথা কি না সে ব্যাপারেও আমাদের সন্দেহ আছে।’

এ ছাড়া রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে অবিলম্বে নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যে ৩২ নম্বর থেকে গুম-খুনের নির্দেশ যেত তা ভেঙে ফেলা ঠিক হয়েছে। ধানমন্ডির ৩২ নম্বর একটি অভিশপ্ত বাড়ি। সংসদের সামনে আমাকে ডিবি হারুন নির্যাতন করে এই বাড়িতেই সেই খবর পৌঁছে দিয়েছিল।’ তিনি বলেন, ‘পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট কীভাবে ঘোষণা দিয়ে বক্তব্য দেয়। অন্তর্বর্তী সরকার কী করে? সংশ্লিষ্ট দায়িত্বশীলরা কী করেন। তার উসকানিমূলক বক্তব্যের কারণেই দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে।’ সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির তাইফুল ইসলাম টিপু, সাইফ আলী খান, বিলকিস ইসলাম প্রমুখ বক্তব্য দেন।