সাভারে এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার কেমিক্যালের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে সাভার পৌর এলাকার কর্ণপাড়া এলাকায় প্রাইড গ্রুপের এইচআর টেক্সটাইল মিলস কারখানায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। কারখানাটির কর্মচারীরা বলেন, ‘হঠাৎ কেমিক্যালের গোডাউন থেকে ধোঁয়া বের হয়। এরপর সেখানে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে আমাদের কাছে থাকা পানি ও ফায়ার ডিস্টিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানোয় আগুন বেশি ছড়াতে পারেনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিল্প-পুলিশ জানায়, দুপুরে এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার এজিএম এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স মনিরুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কেমিক্যাল গোডাউনের পাশে থাকা ওয়েস্টেজ মালামালেও আগুন লাগে। ফায়ার সার্ভিস আসার আগে আমাদের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব ছাড়া বলা যাবে না।