মানবতাবিরোধী অপরাধ

দুই পুলিশসহ সাতজনকে গ্রেপ্তারে পরোয়ানা

গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতা হত্যার ঘটনায় গ্রেপ্তার পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। গতকাল রবিবার প্রসিকিউশনের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও বি এম সুলতান মাহমুদ এ আবেদনগুলো করে শুনানি করেন। গত ১২ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় সুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

প্রসিকিউটর মোনাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের বলেন, ‘চলতি মাসেই জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের কয়েকটি মামলায় তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।’

এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমানকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।