হিলিতে শুকনো মরিচ কেজিতে কমেছে ৮০ টাকা

চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে শুকনো মরিচের দাম কমেছে কেজিতে ৬০ থেকে ৮০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীর বাজারে শুকনো মরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। সরবরাহ এমন থাকলে আসন্ন রমজানে শুকনো মরিচের দাম বাড়বে না বলে দাবি বিক্রেতাদের।

সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে শুকনো মরিচের দাম নিম্নমুখী। এক সপ্তাহ আগে প্রতি কেজি শুকনো মরিচ ৩২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কারেন্ট মরিচ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ঊর্ধ্বমুখীর বাজারে কিছুটা স্বস্তির খবর শুকনো মরিচের দাম নিয়ে। সপ্তাহের ব্যবধানে শুকনো মরিচের দাম ৬০ থেকে ৮০ টাকার মতো কমেছে। গত সপ্তাহে যে শুকনো মরিচ প্রকারভেদে ৩২০ থেকে শুরু করে ৪০০ টাকা বিক্রি হয়েছিল, সেই শুকনো মরিচ এখন দাম কমে ২৪০ থেকে শুরু করে ৩৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে গত সপ্তাহে যে শুকনো মরিচ ৩২০ টাকা কেজি কিনেছিলাম সেটিই এখন দাম কমে ২৪০ টাকায় নেমেছে। সপ্তাহের ব্যবধানে শুকনো মরিচের দাম ৮০ টাকা কমেছে। বাড়তি দামের কারণে আগে পরিমাণে কম কিনলেও দাম কমার ফলে এখন চাহিদা মোতাবেক কিনতে পারছি। সামনে যেহেতু রমজান মাস, এ সময় যেন দাম এ রকম কম থাকে সেই দাবি জানাচ্ছি।’