চট্টগ্রামে রিহ্যাব আবাসন মেলা শুরু বৃহস্পতিবার

১৬তম বারের মতো চট্টগ্রামে আবাসন মেলা করতে যাচ্ছে আবাসন শিল্পের মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। চার দিনের এ মেলায় ৪২টি স্টলে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ভবন নির্মাণসামগ্রী ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। নগরের পাঁচ তারকা র‌্যাডিসন ব্লু হোটেলে আগামী বৃহস্পতিবার মেলা শুরু হবে। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল করিম ও চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ।

গতকাল মঙ্গলবার নগরের ২ নম্বর গেটের রিহ্যাব কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, সারিস্থ বিনতে নূর, নূর উদ্দিন আহম্মদ, মোহাম্মদ মাঈনুল হাসান প্রমুখ।

লিখিত বক্তব্যে আঞ্চলিক কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, আবাসন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নির্মাণ খাতের অবদান ১৫ শতাংশ। প্রায় ৫০ লাখ শ্রমিক এই খাতে প্রত্যক্ষভাবে জড়িত। কিন্তু আবাসন খাত নানা সংকটে জর্জরিত। রড-সিমেন্টের দাম কিছুটা কমলেও ক্রেতা মিলছে না।

দেলোয়ার হোসেন আবাসন খাতের সংকটের কথা তুলে ধরে বলেন, এই মুহূর্তে আবাসন খাতের সবচেয়ে বড় সমস্যা হলো নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ। ২০২২ সাল থেকে নতুন ড্যাপের কার্যক্রম শুরু হয়। এরপর বাড়িভাড়া ও ফ্ল্যাটের দাম বেড়ে গেছে।