চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার গ্যাসের একটি অবৈধ ক্রস ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে ৬৭০টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় একটি গুদাম ঘরে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ক্রস ফিলিং করছিল একটি অসাধু চক্র। গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার সন্ধ্যা ৭টায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহারের মাধ্যমে সিলিন্ডারগুলো বাজারজাত করছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনেকগুলো বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় চন্দনাইশ থানার পুলিশের একটি টিম, ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।