গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে এক পোশাক কারখানার শত শত শ্রমিক একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় অন্তত চার ঘণ্টা ওই আঞ্চলিক সড়ক বন্ধ থাকে। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, তাদের দুই বছরের ছুটির বকেয়া টাকা ঈদ বোনাস ও হাজিরা বোনাস আটকে রেখেছে কর্তৃপক্ষ। নানা টালবাহানা করে সেই পাওনাগুলো দিচ্ছিল না।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকায় ক্রাউন ওলেন ওয়্যার কারখানার ক্ষুব্ধ শ্রমিকরা মাওনা ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন। পরে তাদের কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
শিল্প পুলিশের ওসি (শ্রীপুর জোন) আবদুল লতিফ বলেন, বিভিন্ন দাবি আদায়ের জন্য ক্ষুব্ধ শ্রমিকরা মাওনা ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কটি অবরোধ করেছিলেন। পরে আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে কিছু দাবি পূরণের আশ্বায় দেয়। শ্রমিকরা রাস্তা ছেড়ে আন্দোলন থেকে সরে আসেন। সড়ক অবরোধের কারণে ওই সড়কটি কয়েক ঘণ্টা বন্ধ ছিল।