আইন উপদেষ্টার মন্তব্যে উষ্মা ট্রাইব্যুনালের

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের রায় আগামী অক্টোবরে হতে পারেÑ আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের এমন মন্তব্যে উষ্মা প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলেছে, ‘ট্রাইব্যুনাল স্বাধীন। এখানে কখন, কার রায় হবে সে বিষয়ে কারও মন্তব্য করা সমীচীন নয়।’ গতকাল বুধবার এক আসামির তদন্ত প্রতিবেদন দাখিলসংক্রান্ত শুনানিকালে উষ্মা প্রকাশ করে এমন মন্তব্য করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।

গত মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের বিচারকাজের অগ্রগতি তুলে ধরার একপর্যায়ে বলেন, ‘ট্রাইব্যুনালে ৩০০টির বেশি অভিযোগ করা হয়েছে। প্রসিকিউশন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিকভাবে ১৬টি মামলা করেছে। এর মধ্যে চারটি মামলার তদন্তকাজ চলতি মাসের মধ্যে শেষ হবে বলে তারা মনে করছেন। এরপর অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হবে। সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হবে ঈদের পর এপ্রিল মাসে। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে দেওয়া যাবে। এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা তিন-চারটি মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি।’

গুমের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল গতকাল।

শুনানিকালে প্রসিকিউশনের পক্ষে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আরজি জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম। ট্রাইব্যুনালের চেয়ারম্যান এ সময় তার কাছে তদন্তের অগ্রগতি জানতে চান। প্রসিকিউটর বলেন, তদন্ত এখনো শেষ হয়নি। প্রতিবেদন প্রস্তুত হয়নি। দুই মাসের সময়ের আরজি জানান তিনি।

ট্রাইব্যুনাল এ সময় প্রসিকিউটরের উদ্দেশে বলে, ‘তদন্ত শেষ হয়নি। প্রতিবেদন আসেনি। অথচ অক্টোবরের মধ্যে রায় হবে বলা হচ্ছে। এখানে কখন কার রায় হবে সে বিষয়ে বাইরে মন্তব্য করা সমীচীন হবে না।’ আদালত বলে, ‘ট্রাইব্যুনাল স্বাধীন। রায়ের সময় নিয়ে কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে। এ ধরনের বক্তব্য আমরা অ্যালাউ করব না।’ প্রসিকিউটরের উদ্দেশে ট্রাইব্যুনাল আরও বলে, ‘কনসার্ন অথরিটিকে বলবেন, এ ধরনের বক্তব্য (রায় নিয়ে) আমরা ভালোভাবে নিচ্ছি না।’ শুনানি শেষে জিয়াউল আহসানের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

সাবেক এসি রাজন কারাগারে : এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের বাড্ডা জোনের তৎকালীন সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম বলেন, ‘গতকাল রাজন কুমার সাহাকে গ্রেপ্তারের পর বিকেলে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।