সংস্কারের আগে কোনো নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, নো ইলেকশন উইথ আউট রিফর্মস। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
গোলাম পরওয়ার বলেন, আমরা আমাদের বক্তব্য লিখিতভাবে পেশ করেছি। লিখিতভাবে ২৩টি পয়েন্টে সুপারিশ করা হয়েছে। কিছু বিষয়ে তারা প্রাসঙ্গিক মতামত দিয়েছেন।
তিনি বলেন, আমরা বলেছি সংস্কার সম্পন্ন না করে নির্বাচন আয়োজন করলে, পূর্বে তিনটি নির্বাচনেরই পুনরাবৃত্তি হবে। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে সেটুকু সম্পূর্ণ করতে হবে। পুরো রাষ্ট্রের সংস্কার করতে হবে আমরা এমনটা বলিনি। এটি সময়ের ব্যাপার, একটি নির্বাচিত সরকারের দায়িত্ব। অঅন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করা।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, জনগণ স্থানীয় সরকার ব্যবস্থা সচল হোক এটি প্রত্যাশা করে। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীর সরকারের নির্বাচনটা আগে হোক। আমরা এই আকাঙ্ক্ষার প্রতি সম্মান ও সমর্থন ব্যক্ত করেছি।
তিনি বলেন, আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব হারে বা প্রোপশনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন চাই। আধুনিক বিশ্বের প্রায় ৬০টি দেশে এই ব্যবস্থা প্রচলিত। নির্বাচনকে কালোটাকা ও পেশিশক্তি মুক্ত করতে পারে এই ব্যবস্থা। জনপ্রতিনিধিত্ব আইনে ৯১(এ) ধারা পুর্নবহালের দাবি জানিয়েছি। গত সরকার এটি বেআইনিভানে বাতিল করেছিল।
জামায়াতে নিবন্ধন সংক্রান্ত প্রশ্নে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এটি নিয়ে আমাদের সঙ্গে ইসির কোনো আলোচনা হয়নি। আমাদের নিবন্ধনের বিষয়টি আদালতে মিমাংসাধীন। আমরা আদালতে ইনশাআল্লাহ ন্যায় বিচার পাব।