দাবি পিটিআইয়ের

বউ নয়, রাঁধুনি নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছেন কোহলিরা

অস্ট্রেলিয়ার কাছে বোর্ডার-গাভাস্কার সিরিজ হারের পর ভারতীয় ক্রিকেটারদের জন্য ১০টি নিয়ম বেঁধে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তার মাঝে অন্যতম হলো বিদেশ সফরে স্ত্রী-পরিবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও নাকি স্ত্রী-পরিবার নিয়ে যেতে পারবেন না রোহিত-কোহলিরা। তবে দলের সবার জন্য কয়েকজন রাঁধুনী নেওয়া হবে।

বার্তা সংস্থা পিটিআই এমন তথ্যই জনিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। এমনিতেই এই টুর্নামেন্ট খুব বেশি দীর্ঘ নয়। ভারত ফাইনালে উঠলেও তিন সপ্তাহের বেশি হবে না। বিসিসিআইয়ের নিয়মানুযায়ী, বিদেশ সফরে দুই সপ্তাহের জন্য ক্রিকেটারারা তাদের সঙ্গে স্ত্রী-পরিবার রাখতে পারবে। চ্যাম্পিয়নস ট্রফির সময় কম হওয়ায় নাকি কোহলিরা স্ত্রীদের নিতে পারছেন না।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘এখনও পর্যন্ত ঠিক আছে যে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার যেতে পারবে না। যেহেতু এই টুর্নামেন্ট একমাসও চলবে না, তাই বোর্ডের নতুন নির্দেশিকা মানতে হবে। যদি কেউ নিয়ে যেতে চায় তাহলে অধিনায়ক, কোচ ও বোর্ডের অনুমতি নিতে হবে। যদি বিশেষ কারণে কাউকে অনুমতি দেওয়া হয়, তাহলে পরিবারের যাতায়াত, থাকা-খাওয়ার খরচ সেই ক্রিকেটারকেই বহন করতে হবে। বোর্ড এক পয়সাও দেবে না।’

ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ব্যক্তিগত সহকারী ও রাঁধুনির ক্ষেত্রেও বিসিসিআইয়ের নির্দেশনা মানতে হবে। কোনো ক্রিকেটারের ব্যক্তিগত সহকারী গেলে তাকে অন্য হোটেলে থাকতে হবে। বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরও বলেছেন, কেমন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কয়েকজন রাঁধুনিও নিয়ে যেতে চাইছে বিসিসিআই। ইতোমধ্যে রাঁধুনি ঠিক করা হয়েছে এবং ক্রিকেটারদের ডায়েট সম্পর্কে তাদের জানানো হয়েছে।

বিসিসিআইয়ের নতুন এসব আইন অবশ্য ইংল্যান্ড সিরিজ থেকেই চালু হয়েছে। সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজে ভারতের কোনো ক্রিকেটার আলাদা গাড়ি পাননি। টি-টোয়েন্টি সিরিজের জন্য কলকাতায় এবং ওয়ানডে সিরিজের জন্য নাগপুরে সবাই একত্রিত হয়েছে। পুরো সিরিজে সব ক্রিকেটার একত্রে ছিলেন, একসাথেই যাতায়াত করেছেন। দলে এমন সংস্কৃতিই চেয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর।