ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।
রফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে তাগিদ দেওয়ার বিষয়টি নির্ভর করছে রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের ওপর। সেই সিদ্ধান্ত অনুযায়ী তাগিদ দেওয়া হবে।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রতীক্ষা করবে বাংলাদেশ। এ ছাড়া ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কি না, সেটি সরকারের উচ্চপর্যায়ের আলোচনার বিষয়।’
এক প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিস জারির বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার।’
আরেক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন সারা বিশ্বই জেনে গেছে। এ প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন সংস্থা তাদের নির্দেশনা ও করণীয় ঠিক করবে। এটা ভারতের সঙ্গে ভাগাভাগি করার কোনো প্রাসঙ্গিকতা নেই। এই প্রতিবেদন বাংলাদেশের নিজস্ব ব্যবহারের জন্য, এটা আমরা ভারতের সঙ্গে কেন শেয়ার করব?’
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে রফিকুল আলম বলেন, ‘প্রতিবেদনটি যেকোনো মানুষের বিবেককে নাড়া দেবে। প্রতিবেশী ভারতও সেই বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।’