ফুটবল বিশ্বে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক বহুদিনের। সমর্থক থেকে শুরু করে বিশেষজ্ঞরা দুই শিবিরে বিভক্ত। তবে এবার আর্জেন্টিনার আনহেল ডি মারিয়া স্পষ্টভাবেই জানিয়ে দিলেন—তর্কের জায়গাই নেই, সংখ্যাই প্রমাণ করছে মেসিই সেরা!
স্প্যানিশ টেলিভিশন শোতে রোনালদো সম্প্রতি দাবি করেন, ‘আমি পরিসংখ্যানের কথা বলছি। ফুটবলের সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড় আমি। আমি মাথা, বাঁ-পা, ডান-পা, ফ্রি-কিক সবই ভালো করি। আমি দ্রুতগামী, শক্তিশালী। ইতিহাসে আমার চেয়ে বেশি সম্পূর্ণ খেলোয়াড় দেখিনি। সংখ্যাই সব কিছু বলে দেয়।’
তিনি আরও বলেন, ‘কে ইতিহাসের সেরা গোলস্কোরার? সংখ্যাই তো বলে দেবে। আমি বাঁ-পা দিয়ে করা গোলের তালিকায়ও শীর্ষ দশে আছি, অথচ আমি বাঁ-পা প্রধান খেলোয়াড় নই। মাথা, ডান-পা, পেনাল্টি, ফ্রি-কিক—সব মিলিয়ে আমিই সেরা।’
রোনালদোর এই দাবির পর তার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া এক সাক্ষাৎকারে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন। রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদে চার বছর কাটানো ডি মারিয়া বলেছেন, ‘আমি অবাক হইনি। ও সবসময় এমনই। ও চায় সেরা হতে, কিন্তু দুর্ভাগ্য তার, কারণ এমন এক প্রজন্মে জন্মেছে যেখানে এক খেলোয়াড় জাদুর কাঠির ছোঁয়া পেয়েছে—লিও মেসি।’
তিনি আরও যোগ করেন, ‘সংখ্যাই প্রমাণ করছে। একজনের আছে আটটা ব্যালন ডি’অর, আরেকজনের পাঁচটা। এটা বিশাল পার্থক্য। বিশ্বকাপ জেতাটাও বড় পার্থক্য, সঙ্গে দুটি কোপা আমেরিকা। অনেক পার্থক্য আছে, অনেক! শুধু সংখ্যাই নয়, খেলার মধ্যেও এটা দেখা যায়। মেসি খেলে যেন একেবারে বাচ্চাদের মতো সহজভাবে, আর ১৮-২০ বছর ধরে সে একই কাজ করে যাচ্ছে, যেটা কেউ আটকাতে পারছে না!’
মেসি ও রোনালদো ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড়দের মধ্যে অন্যতম। দুজন মিলে জিতেছেন ৭৭টি শিরোপা—যার মধ্যে মেসির ৪৪টি, রোনালদোর ৩৩টি। এছাড়া একাধিক মৌসুমে তারা ৫০-এর বেশি গোলের মাইলফলকও ছুঁয়েছেন।
ডি মারিয়ার বক্তব্যে হয়তো রোনালদোর ভক্তরা একমত নাও হতে পারেন, তবে সংখ্যাগুলো যে মেসির পক্ষেই কথা বলছে, তা অস্বীকার করা কঠিন!