ইংল্যান্ডের প্রস্তুতি নিয়ে সমালোচনায় ক্ষুব্ধ ম্যাককালাম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৯ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ড ক্রিকেট দলের প্রস্তুতির সিরিজটা সুখকর হয়নি। ভারত সফরে তারা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। ভারতীয় বোলার ও ব্যাটসম্যানরা মাঠে একচেটিয়া আধিপত্য দেখিয়েছেন। ইংল্যান্ড যেন পাত্তাই পায়নি। আর তা দেখে কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক কোচ রবি শাস্ত্রী। ইংলিশদের অনুশীলন ঘাটতির অভিযোগ তুলেছিলেন তারা।

তবে তাদের এমন দাবিকে ‘সম্পূর্ণ ভুল’ বলে উড়িয়ে দিয়েছেন। এমন সমালোচনায় ক্ষুব্ধ কোচ ম্যাককোলাম জানিয়েছেন তার দলের ক্রিকেটাররা যথেষ্ঠ প্রস্তুতি নিয়েই ভারতে সিরিজ খেলতে গিয়েছিল।

ম্যাককালাম বলেন, ‘আমরা প্রচুর অনুশীলন করেছি। শিবিরে বেশ কিছু চোট ছিল, তাই খেলোয়াড়দের সতেজ রাখাও গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তানে আমাদের তিনটি অনুশীলন সেশন রয়েছে। অনেকেই টানা ক্রিকেট খেলে এসেছে, তাই ওদের ফ্রেশ রাখা দরকার ছিল।’ 

ইংল্যান্ডের জন্য বড় দুশ্চিন্তা বেন ডাকেটের চোট। আহমেদাবাদে ফিল্ডিংয়ের সময় তার গ্রোইনে চোট লাগে, এরপরও ব্যাট হাতে ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। তার স্ক্যানের রিপোর্টের ওপর নির্ভর করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা। 

এদিকে জেমি স্মিথ ও জেমি ওভারটন ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ফিট থাকবেন বলে আশা করা হচ্ছে। জোফরা আর্চারের হাতের কাটা এবং ব্রাইডন কারসের পায়ের আঘাতও সুস্থ হয়ে আসছে। 

টানা চারটি ওয়ানডে সিরিজ হারের পরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে আশাবাদী ম্যাককালাম। তার ভাষায়, ‘আমাদের দল যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বিশেষ করে পাকিস্তানের কন্ডিশনে। দল হিসেবে ঐক্যবদ্ধ থাকাটা সবচেয়ে জরুরি। যদি আমরা মনোবল ধরে রাখতে পারি, তাহলে সাফল্য আসবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত