ফ্যাসিস্ট সরকারের বড় আবিষ্কার ছিল আয়নাঘর: আমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্ট সরকারের বড় আবিষ্কার ছিল আয়নাঘর। শেখ হাসিনা বিরোধী দলকে দমন করার লক্ষ্যেই আয়নাঘর আবিষ্কার করেছিল। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কেরাণীগঞ্জ মডেল উপজেলা নীলটেক সিঙ্গাশুর স্পোটিং ক্লাব আয়োজিত জিয়া স্মৃতি ক্রিকেট টৃর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন নামে চলত প্রহসনের নির্বাচন। নির্বাচনের নামে চলতো ভোট ডাকাতি। দিনের ভোট হতো রাতে। আর এসবে বাঁধা বা প্রতিবাদ করলেই ঠিকানা হতো আয়নাঘরে। সেখানে করা হত নানান রকমের অত্যাচার। দিনের পর দিন বন্দি থাকতে হতো আয়নাঘরে । টর্চার সেলের অন্যতম ছিল ইলেকট্রিক শক। গুম, খুন, মিথ্যা মামলা আর আয়নাঘরের শিকার আমাদের বিএনপির শত শত নেতারা।

তিনি আরও বলেন, বাংলাদেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বাদ পড়েননি তার প্রতিহিংসার রাজনীতি থেকে। তাই ছাত্র-জনতার আন্দোলন তাকে বাধ্য করেছে দেশ থেকে পালাতে। তিনি খুব গর্ব করে বলতেন শেখ হাসিনা পালায় না, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেননি। অত্যাচারীরা কখনো ঠিকে থাকতে পারে না।

বিএনপি নেতা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের কখনো ভুলা যাবে না। তাদের অর্জিত স্বাধীনতা কখনো বৃথা যেতে দিব না। 

তিনি বলেন, আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনে খালেদা জিয়া সরকার গঠন করবে। বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে সকল দলের প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো.শিমুল মাদবর, মো. জিরাজুল ইসলাম, আবু দাউদ রায়হান প্রমুখ।