দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়ার দাবি মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গণহত্যার মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে হবে। কোনো দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।
সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা চত্বরের মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এমরান সালেহ প্রিন্স বলেন, পলাতক আওয়ামী লীগ ভিনদেশি আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস। পটকা ফুটিয়ে, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশে দেশবিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। দেশের জনগণ অতীতে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস সৃষ্টি করেছে। এ দেশের মানুষ কোনো আধিপত্য, আগ্রাসন কিংবা পরাভব মেনে নেবে না।
তিনি প্রশাসনের প্রতি ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা নতুন করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বিএনপির নেতাকর্মীদের প্রতি পাড়া-মহল্লায় তাদের গতিবিধি পর্যবেক্ষণ এবং জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, গণঅভ্যুত্থানের আগে শেখ হাসিনা বলেছিলেন, তিনি দেশ ছেড়ে পালাবেন না। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। এখন আবার দেশে ফেরার কথা বলছেন। অতীতেও তার বক্তব্যের সঙ্গে কাজের মিল পাওয়া যায়নি। দেশে ফেরার কথা বলে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের সক্রিয় করে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশের ইতিহাসে দিনটি জাতীয় সংহতি ও দেশপ্রেমের গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা পুনর্জাগরণের দিন হিসেবে ৭ নভেম্বরের গুরুত্ব রয়েছে। ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের মতোই দিনটি ঐতিহাসিক বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে প্রতিবারই ৭ নভেম্বরের কর্মসূচি বাতিল করেছে। এবার জনগণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। গণহত্যার অভিযোগের পরও দলটির পক্ষ থেকে অনুশোচনা বা ক্ষমা চাওয়ার উদ্যোগ দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে। এ অর্জন সুসংহত করতে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণই এখন প্রধান দায়িত্ব। কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা হলো—সবার আগে বাংলাদেশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মফিজ উদ্দিন ও উপজেলা বিএনপির সদস্যসচিব আনিসুর রহমান মানিক। এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। সৈয়দ এমরান সালেহ প্রিন্স মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি উপজেলা চত্বরের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধোবাউড়া বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।