বাংলাদেশের ঐতিহাসিক ক্রীড়া ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এখন থেকে এটি পরিচিত হবে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ নামে। গতকাল শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর পল্টনের এই স্টেডিয়ামটির ইতিহাস দীর্ঘ দিনের। স্বাধীনতার আগে থেকেই এখানে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হতো। ১৯৫৪ সালে পাকিস্তান আমলে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে যাত্রা শুরু হয় এটির। পাকিস্তান জাতীয় ক্রিকেট দল টেস্ট ম্যাচ খেলেছে এই স্টেডিয়ামে। স্বাধীনতার পর এই স্টেডিয়ামই হয়ে ওঠে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কেন্দ্রবিন্দু। ভাগাভাগি করে ফুটবল-ক্রিকেট দুটিই অনুষ্ঠিত হতো এখানে। ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটি হয়েছিল এ মাঠেই। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার দুই বছর পর ১৯৯৮ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম গড়ে উঠলে ২০০৫ সাল থেকে ক্রিকেট সরে যায় এ স্টেডিয়াম থেকে। বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং অ্যাথলেটিকস ফেডারেশন এ স্টেডিয়াম ব্যবহার করে থাকে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়। ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ থেকে বদলে নিজ নিজ উপজেলার নামে স্টেডিয়ামগুলোর নামকরণ করে এনএসসি।