অপারেশন ডেভিল হান্ট

সাতদিনে বাগেরহাটে আওয়ামী লীগের ৯১ নেতাকর্মী গ্রেপ্তার

বাগেরহাটে ‘ডেভিল হান্ট’ অপারেশন চালিয়ে আওয়ামী লীগের আরও ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

এই নিয়ে গত এক সপ্তাহে বাগেরহাট জেলায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৯১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করল যৌথবাহিনী।

গ্রেপ্তার আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ, সেচ্ছাসেবক লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের গণমাধ্যম (মিডিয়া উইং) শাখার পুলিশ পরিদর্শক মো. শাহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী যৌথভাবে ডেভিল হান্ট অপারেশন অব্যাহত রয়েছে। ওই অভিযানের অংশ হিসেবে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও মাছের ঘের দখলের অভিযোগে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আরও ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।