ডেভিল হান্ট ফেজ-২

শিবালয়ে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় চলমান ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে শিবালয় থানা পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় শিবালয় থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে। এ সময় আওয়ামী লীগের ওই তিন নেতাকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য আব্দুল সালাম (৪০), উলাইল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম (৪৬) এবং আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পার্থ চন্দ্র শীল (৩৫)।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অপারেশনের অংশ হিসেবে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে আটক করা হয়।’

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৫(৩)/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত