বালুন্ডা গ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৮ এএম

বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে জমিজমা সংক্রান্ত শালিস চলাকালীন সময়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালীন ১০-১২টি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বালুন্ডা উত্তর পাড়ার অহিদ বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধ নিরসনের সালিস বসানো হয়। এ সময় ৫ নম্বর পুটখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুল ও ৫ নম্বর বালুন্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুলের সমর্থক নেতাকর্মীরা বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটনো হলে কবিরুল সমর্থকের ৫ নেতাকর্মী আহত হন। পরে আহতদের উদ্ধার করে ২ জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।

আহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ওম্বত আলীর ছেলে ইরফান আলি (৩৫), সুলতান মল্লিকের ছেলে আবুজর (২৩), আব্দুল গণির ছেলে মোকারুল (৮), তাহাজ্জত মোড়লের ছেলে আবু সিদ্দিক (৪৫) ও পুটের ছেলে জালাল উদ্দিন (৩২)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ‘দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত