কবি জীবনানন্দ দাশ স্মরণে থিয়েটার ফ্যাক্টরির উৎসব

বাংলাভাষার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করবে থিয়েটার ফ্যাক্টরি। আগামীকাল সোমবার সংগঠনটি রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ টেনিস ফেডারেশনের ৬ নম্বর কক্ষে সংগঠনের দলীয় অস্থায়ী কার্যালয়ে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে। 

এর মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টায় আলোচনা, আবৃত্তি, নাট্যাংশপাঠ ও তাদের নতুন প্রযোজনা ‘কমলা রঙের বোধ’-এর পোস্টার অবমুক্তকরণ।

সংগঠনের প্রচার ও প্রকাশনা কারিগর মুনমুন খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, কবি জীবনানন্দ দাশের সাহিত্য-জীবন ও কর্ম অবলম্বনে ‘কমলা রঙের বোধ’ নাটকটির রচনা ও নির্দেশনার দায়িত্ব পালন করছেন অলোক বসু। নাটকটি আগামী এপ্রিল মাসে মঞ্চে আনার পরিকল্পনা গ্রহণ করেছে থিয়েটার ফ্যাক্টরি।