কবিতা

রাঙা মাসী

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম

আঁচলে বিপন্ন আয়ু, তবু ভোর হয়ে এলো, 
রাঙা মাসী সিঁথিতে সিদুর
হাতের কাঁকনে বেজে উঠল জীবন, 
দুধে ও মাটিতে মেশে মমতা-আহ্লাদ
যে-হাতে সোনার বালা ঝিকিমিকি করে ওঠে 
জ্বলে-ওঠা জলের দানায়
নিয়ে যায় দূরে দূরে দুরন্ত সাইরেন, ধ্বনিতে ও সুরে 
আলো ঢুকে যায় ঘোর ছদ্মপরিখায়,
থুতনিতে অন্ধকার তিল
তবু হাসে রাঙা মাসী, ভোরে জল-টলমল 
শরীরের পদ্মসরোবর।

আঁচলে বিপন্ন আয়ু, রাঙা রাঙা মেয়েদল
তবু রাঙা মাসীর পিছন
পিছন পড়েছে এসে, মাত্র চোখ পিঁচুটি মুছেছে, 
অন্ধকার আড়মোড়া ভেঙে
ডুবে গেল সাধের জংলায়
জোনাকির আলসে পাহারায়...

সর্বশেষ সর্বাধিক পঠিত