কবিতা

দাও দাওগুলো দাউ দাউ করে জ্বলে ওঠে

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম

গোধূলি বেলার মতোই বিবর্ণ প্রৌঢ়ত্বের আকাশ
আলো ছায়ায় ঘেরা ধূসর চিত্রপট—
শান্ত, মলিন, ক্লান্তিমাখা
বাতাসের বুক চিরে ঝাঁকে ঝাঁকে
পাখিরা ফিরছে তাদের নীড়ে শান্তির আশায়, 
ক্লান্ত শরীরটাকে এলিয়ে ঘুমাবে বলে।
কিন্তু যে মানুষটা প্রৌঢ়ত্বে পৌঁছেছে 
একটু শান্তি পেতে, একটু শান্তিতে ঘুমাতে—
সে ফিরবে কোথায়?
মেঘের অলসতা হাসিভরে মেনে নেয় উদার আকাশ
ঝরনার ঝিমিয়ে পড়াও মেনে নেয় পাহাড়,
অথচ প্রৌঢ়ত্বের ঝিমিয়ে পড়া
মানতে পারে না এই পৃথিবী—
আপনজন পরিজনের মুখ ভার
আরও চায়, আরও দাও,
সব দাও দাওগুলো দাউ দাউ করে জ্বলে ওঠে
পুড়িয়ে দিতে চায় ক্লান্তিমাখা হৃদয়খানা
প্রৌঢ়ত্বের কষ্ট কেউ বোঝে না,
কেউ বুঝতে চায় না।

সর্বশেষ সর্বাধিক পঠিত