চ্যাম্পিয়নস ট্রফিতে মোহাম্মদ রিজওয়ানের ডেপুটি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সালমান আলি আগাকে। টুর্নামেন্ট শুরুর আগে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে। পাকিস্তানের সহ-অধিনায়ক মনে করেন, ভারতের বিপক্ষে জিতলেও শিরোপা উঁচিতে ধরতে না পারলে সেই জয়ের মূল্য নেই। সালমানের কাছে তাই, ভারতকে হারানোর চেয়ে চ্যাম্পিয়নস ট্রফি জেতা গুরুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তান ও ভারত ম্যাচটা অনেক বড় কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি জেতাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি ভারতকে হারাই কিন্তু টুর্নামেন্ট না জিতি তাহলে এই জয়ের কোন মূল্য নেই। আবার আমরা যদি ভারতের কাছে হেরেও শিরোপা উঁচিয়ে ধরি তাহলে এটা তার চেয়েও বড় অর্জন হবে। আমাদের লক্ষ্য হচ্ছে ভালো পারফর্ম করা এবং জেতা।’ ২০১৭ সালের আসরে ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিলো পাকিস্তান।
এর আগে পাকিস্তানের ক্রিকেটারদের উদ্দেশ্য করে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, ‘আসল কাজটা শুধু চ্যাম্পিয়নস ট্রফি জয়ই নয়, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে দুবাইয়ের ম্যাচে হারাতেও হবে।’ লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় বৈশ্বিক টুর্নামেন্টগুলোতেই দুদলকে মুখোমুখি হতে দেখা যায় এখন। ক্রিকেটবিশ্বের কাছে তাই ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনাকর লড়াই দেখার উপলক্ষ্য।