অভ্যুত্থানে আহতদের রাঙ্গামাটি জেলা পরিষদের সংবর্ধনা

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তারুণ্যের অবদানের স্মরণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাঙ্গামাটি পার্বত্য জেলায় আহত ছাত্রদের সংবর্ধনা দিয়েছে রাঙ্গামাটি জেলা পরিষদ। গতকাল রবিবার সকালে জেলা পরিষদের এনেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার।

অনুষ্ঠানে আটজন আহত শিক্ষার্থীকে সংবর্ধনা ও নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়। যার মধ্যে দুজনকে ১ লাখ, তিনজনকে ৪০ হাজার এবং তিনজনকে ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়।

আহতদের পক্ষে বক্তব্য রাখেন লংগদু উপজেলার আমান উল্ল্যাহ। তিনি বলেন, ‘যে দেশের স্বপ্ন নিয়ে আমরা গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা আগামীতেও সর্বদা কাজ করে যাব।’ কিছুটা বিলম্বে হলেও আহতদের স্বরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।