‘নগদ’-এ প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ

‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। এ-সংক্রান্ত রুলের ওপর শুনানি শেষে গতকাল রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। ফলে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এ বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রশাসক নিয়োগের বিষয়টি বৈধ বলে স্বীকৃতি পেয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের আইনজীবীরা। গত বছরের ২১ আগস্ট ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এ চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক নিয়োগ দিয়ে অভ্যন্তরীণ আদেশ জারি করে বাংলাদেশ ব্যাংক। এ নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে নগদের স্বতন্ত্র পরিচালক মো. শাফায়েত আলম গত বছরের ২ সেপ্টেম্বর এ রিট আবেদনটি করেন। পরে ১৭ সেপ্টেম্বর প্রাথমিক শুনানি নিয়ে ‘নগদে’ প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে রুল দেয় হাইকোর্ট। রুল বিচারাধীন অবস্থায় রিটকারী পক্ষের সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৮ ডিসেম্বর হাইকোর্ট প্রশাসকের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনায় পক্ষগুলোকে অন্তর্র্বর্তী সময়ের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল এ রায় হলো।