কালীগঞ্জে রাতের আঁধারে আগুনে পুড়ল ২ দোকানসহ বিএনপির অফিস

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের ফিরিন্দা মোড়ে আগুন লেগে দুই দোকান ও ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফিরিন্দা মোড়ের নজরুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। 

ফিরিন্দা মোড় এলাকার রমজান মিয়ার ছেলে রুবেল বলেন, ‘খবর পেয়ে আমিসহ নুরুল ইসলামস ঘটনাস্থলে আসতেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’

অভিযোগ করে তিনি বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মিজানুর রহমানের ছেলে শিমুল (৩৬) এবং নুর আমিনের ছেলে রমজানসহ (৩৫) আরও কয়েকজন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এতে করে আমার ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’

ওপর মুদি দোকানদার মনির বলেন বলেন, ‘আমার দোকান থেকে মাত্র একটি ফ্রিজ বের করতে পেরেছি আর বাকি সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২ লাখ টাকার মালামাল এবং ক্যাশে নগদ কিছু টাকা পুড়ে গেছে।’

এদিকে, আগুনে তুমলিয়া ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড পার্টি অফিস আংশিক পুড়ে গেছে। 

এ ব্যাপারে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমানউল্লাহ বলেন, ‘আমরা সকলে মিলে মিশে থাকি। যেহেতু কাউকে আমরা আগুন দিতে দেখি নাই, তাই কাউকে আমার সন্দেহ হয় না।’

এ বিষয়ে অভিযুক্ত শিমুল ও রমজানের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।