হামলার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

সংবাদ সংগ্রহকালে পুলিশের উপস্থিতিতে সাংবাদিকের ওপর মাদক কারবারিদের হামলা, মারপিটসহ ক্যামেরা ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা। গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

সমাবেশে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর বলেন, ‘পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়কালে একাধিকবার জেলা জুড়ে দাপিয়ে বেড়ানো শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ ট্রলি এবং বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। গত রবিবার সংবাদ সংগ্রহকালে তারাই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে।’

কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুল আলীম জানান, রবিবার সংবাদ সংগ্রহকালে ফটো সাংবাদিক ইমরানের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।