ইউপি সদস্যকে পিটিয়ে চেয়ারম্যানের কার্যালয়ে তালা

নোয়াখালীর বেগমগঞ্জে এক ইউপি সদস্যকে মারধর করে চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। প্রায় এক ঘণ্টা চেয়ারম্যান তার কক্ষে অবরুদ্ধ থাকার পর স্থানীয় বিএনপি নেতারা এসে তালা খুলে পরিস্থিতি স্বাভাবিক করেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শামীম বলেন, ‘আমি আওয়ামী লীগকে সমর্থন করতাম। কিন্তু অতীতে কোনো অনিয়মের সঙ্গে ছিলাম না।  কিন্তু প্রতিহিংসাবশত স্থানীয় যুবদল নেতা রানা, জাবেদ ও ছাত্রদল নেতা মহসিন আমাকে মারধর করে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন মিন্টুকে তার কার্যালয়ের ভেতরে রেখে দরজায় তালা ঝুলিয়ে দেয়।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবীবুর রহমান বলেন, ‘সার বিতরণ নিয়ে ছোট একটি ঘটনা ঘটেছে। তবে দুই পক্ষের সঙ্গে বসে আমি তালা খুলে দিয়েছি।’