তুষারঝড়ে পিছিয়ে গেল ম্যাচ; মেসির খেলা অনিশ্চিত

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ইন্টার মায়ামি ও স্পোর্টিং কানসাস সিটির ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বুধবার ভোরবেলায়। কিন্তু কানসাস সিটিতে তুষারপাতের কারণে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, চিলড্রেন মার্সি পার্কে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এক বিবৃতিতে কনকাকাফ বলেছে, ‘কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের রাউন্ড ওয়ান সিরিজের স্পোর্টিং কানসাস সিটি ও ইন্টার মায়ামি সিএফের প্রথম লেগের ম্যাচটির সূচি সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরিবর্তন করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় কানসাস সিটি মেট্রোপলিটন এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে, প্রচণ্ড তুষারপাতের শঙ্কাও আছে।’

এদিকে ফ্রাঙ্কো পানিজো নামের এক সাংবাদিক দাবি করেছেন, ‘সূত্র মারফত জেনেছি, মেসি এই ভয়ানক ঠান্ডার মধ্যে খেলতে চান না। তিনি ম্যাচটি আদৌ খেলবেন কিনা সেটা এখনো অনিশ্চিত। তার না খেলার সম্ভাবনাই বেশি।’ তবে কনকাকাফ জানিয়েছে, ‘খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দুই ক্লাব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ম্যাচের সূচি পরিবর্তন করেছি।’