রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে উঠল বার্সেলোনা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ এএম

লা লিগায় টানা চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল বার্সেলোনা। সোমবার রাতে রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। এতে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে প্রায় দুই মাস পর তারা লিগ টেবিলের শীর্ষে ফিরল।

সোমবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন রবার্ট লেভানডফস্কি। ২৮তম মিনিটে রায়ো ভায়েকানোর বক্সে বার্সেলোনার ডিফেন্ডার ইনিগো মার্তিনেস ফাউলের শিকার হওয়ায় ভিএআরে মনিটরে দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। লেভানডফস্কির সফল স্পট-কিকে বল পোস্টে লেগে জালে জড়ায়।

এই মৌসুমে লা লিগার সর্বোচ্চ স্কোরার লেভানডফস্কির গোল হলো ২৩ ম্যাচে ২০টি। ৭২তম মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েও গোলবারের ওপর দিয়ে মারেন রাফিনহা। অবশ্য এতে বার্সার জয়ে কোনো সমস্যা হয়নি। ২৪ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৫১। সমান ম্যাচে রিয়ালের ৫১ পয়েন্ট থাকলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে উঠেছে হান্সি ফ্লিকের দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত