নাইট রাইডার্সে খেলতে নিজ দেশের লিগ ছাড়লেন হেলস

কিছুদিন আগেই বিপিএলে খেলে গেছেন ইংল্যান্ডের আক্রমণাত্বক ব্যাটার অ্যালেক্স হেলস। এবার জানা গেছে, আসন্ন ইংলিশ গ্রীষ্মে তিনি নাকি ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলবেন না। এর বদলে তিনি চুক্তি করেছেন নাইট রাইডার্সের হয়ে। ভারতীয় মালিকানার এই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ও ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন

বিশ্বের চারটি লিগে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির দল আছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, আইএল টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্স, এমএলসিতে লস অ্যালেঞ্জলস নাইট রাইডার্স ও সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স। আন্দ্রে রাসেল ও সুনিল নারাইনের মতো তারকারা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে বেশ কয়েকটি লিগে খেলে থাকেন। এবার একই পথে হাঁটছেন হেলস।

৩৬ বছর বয়সী এই মারকুটে ব্যাটসম্যান এখন কাইরন পোলার্ডকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সফলতম ব্যাটসম্যান হয়েছেন। তার টি-টোয়েন্টি রানসংখ্যা ১৩ হাজার ৬১০। শীর্ষে থাকা ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলকে টপকে শীর্ষে উঠতে তার প্রয়োজন আর ৯৫৩ রান। ২০০৮ সাল থেকেই নটিংহ্যামশায়ারের অবিচ্ছেদ্য অংশ হেলস এবার নতুন করে ক্যারিয়ার গোছাচ্ছেন।