আইপিএলের চলতি আসরে ২৫.২০ কোটি রুপির বিশাল মূল্যে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিয়েও নিজের নামের প্রতি বিচার করতে পারছেন না ক্যামেরন গ্রিন। ব্যাট হাতে টানা ব্যর্থতার পর এবার এই অস্ট্রেলীয় অলরাউন্ডারের টি-টোয়েন্টি সামর্থ্য নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন কেভিন পিটারসেন এবং সঞ্জয় বাঙ্গার। তাদের মতে, কেবল ব্যাটার হিসেবে গ্রিন কেকেআরের একাদশে খেলার যোগ্য নন।
ইডেন গার্ডেন্সে গত সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে আবারও হতাশ করেছেন ক্যামেরন গ্রিন। মাত্র ২ বল টিকে থেকে ৪ রান করে সাজঘরে ফেরেন ২৬ বছর বয়সী এই অজি তারকা। চোটের কারণে এখনো বোলিং শুরু করতে না পারা গ্রিন চলতি আসরে ৩ ম্যাচে করেছেন মাত্র ২৪ রান। তার এমন ছন্নছাড়া পারফরম্যান্সের পর কেকেআরের ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশনে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটাররা।
‘জিওহটস্টারে’ এক আলোচনায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন সরাসরিই বলেন, গ্রিনকে ৩ নম্বরে খেলানো কেকেআরের ভুল সিদ্ধান্ত। তিনি বলেন, ‘আমি গ্রিনের পারিশ্রমিক নিয়ে কথা বলতে চাই না, তবে তার ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে। আইপিএলের মতো টুর্নামেন্টে ৩ নম্বরে ব্যাটিং করতে হলে সেই পর্যায়ের দক্ষতা থাকতে হয়। আমি গ্রিনের মধ্যে তেমন কিছু দেখছি না। তিনি বড়জোর একজন মিডল অর্ডার ব্যাটার যিনি একটু-আধটু বোলিং করেন।’
ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার মনে করেন, নিলামে গ্রিনের পেছনে ২৫.২০ কোটি রুপি খরচ করা কেকেআরের ভুল কৌশল ছিল। তার ভাষায়, ‘ক্যামেরন গ্রিন বা রাচিন রবীন্দ্র—তারা কেউই প্রমাণিত টি-টোয়েন্টি স্পেশালিস্ট নন। গ্রিন যেহেতু বোলিং করছেন না, তাই কেবল ব্যাটার হিসেবে তিনি বিদেশি কোটায় দলে জায়গা পাওয়ার যোগ্য নন। তার বদলে রভম্যান পাওয়েলকে খেলানো উচিত, কারণ পাওয়েল একজন পরীক্ষিত টি-টোয়েন্টি পারফর্মার।’
গতকাল সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল কেকেআর। ৩.৪ ওভারে ২৫ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল। তবে বেরসিক বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কলকাতা। বর্তমানে কেকেআর পয়েন্ট টেবিলের মাঝামাঝিতে থাকলেও গ্রিনের ফর্ম এবং অল-রাউন্ড পারফরম্যান্সের অভাব দলটির জন্য দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী ম্যাচে গ্রিনকে বসিয়ে রভম্যান পাওয়েলকে সুযোগ দেওয়া হবে কি না, এখন সেটিই দেখার বিষয়।
‘ভিনিসিয়ুস সবসময় শুধু অভিযোগ করে, সামান্য স্পর্শেই গড়াগড়ি খায়’
আধুনিক ফুটবলে ম্যারাডোনা প্রতি মৌসুমে হাজার গোল করতেন: বাজ্জিও