রাজধানীর রামপুরা কাঁচাবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল সরদার (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছেন স্বজনরা। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে হামলার এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১১টার দিকে গুরুতর অবস্থায় জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
জুয়েল বরিশালের মুলাদী উপজেলার রামচর গ্রামের হাকিম সরদারের ছেলে। বর্তমানে পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকায় ভাড়া থাকেন।
জুয়েলকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মহসিন বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে রামপুরা কাঁচাবাজার এলাকায় জুয়েলসহ আমরা কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। এ সময় চার-পাঁচটি মোটরসাইকেলে ৮-১০ জন যুবক এসে জুয়েলের কাছে জানতে চান হিমেল নামে কাউকে চেনে কি না। উত্তরে জুয়েল জানায়, এ নামের কাউকে সে চেনে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবকরা জুয়েলের ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।’