চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। লা লিগায় কাতালান ক্লাবটি আছে শীর্ষে (মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে)। কোপা দেল রেতে পৌঁছে গেছে সেমিফাইনালে। আর নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বে ৩৬ দলের মধ্যে দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে হান্সি ফ্লিকের দল।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনা মিডফিল্ডার লামিন ইয়ামালের কাছে জানতে চাওয়া হয়, বাকি তিনটির মধ্যে বার্সার কোন শিরোপা জয়ের সম্ভাবনা বেশি।
ইয়ামাল বলেন, 'লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে, যদি বলেন দুটোই, তাহলে দুটোই। কোনো একটিকে বেছে নিতে চাই না। সবকিছুই নির্ভর করছে আমাদের ওপর। চ্যাম্পিয়নস লিগে কেবল একটি দলই আমাদের চেয়ে এগিয়ে, তারা হলো লিভারপুল, কারণ তারা শীর্ষে থেকে (প্রথম পর্ব) শেষ করেছে। লিগে এই মুহূর্তে আমরা শীর্ষে।'
চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতে বার্সেলোনা কোন দলের বিপক্ষে খেলবে সেটি জানা যাবে শুক্রবার ড্র হওয়ার পর।