আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচ। ক্রিকেটের এই ফরম্যাটে ভারতের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। তবে বিরাট কোহলি বলেছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করলে নাকি তাদের আইসিসি টুর্নামেন্ট ভালো যায়। এর সপক্ষে যুক্তিও দিয়েছেন কোহলি।
২০১১ ওয়ানডে বিশ্বকাপ আর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল ভারত। দুটি টুর্নামেন্টেই তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১১ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে। আর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। দুটি ম্যাচই ভারত জিতেছিল এবং শেষ পর্যন্ত তারা শিরোপা উঁচিয়ে ধরে।
এবার বাংলাদেশ ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘এর আগে দুই বার আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে আমরা প্রথম ম্যাচ খেলেছি। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুইবারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তাই তাদের বিপক্ষে শুরু হলে সেই টুর্নামেন্ট আমাদের ভালো যায়। এবারও আশা করছি সেটাই হবে।’
সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল ২০১৭ সালে। আট বছর পর পুনরায় সেই টুর্নামেন্ট শুরু হয়েছে আজ থেকে। ব্যক্তিগতভাবে এই টুর্নামেন্ট খুব পছন্দ করেন বলে জানিয়েছেন কোহলি, ‘অনেক বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। এই টুর্নামেন্ট আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। কারণ, শীর্ষ ৮টি দল এই টুর্নামেন্টে খেলে। তাই সারাবছর ধরে ভালো খেলতে হয়। সবগুলো প্রথম সারির দল হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন লড়াই হয়।’
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ৯ মাসের মাথায় আরও একটি আইসিসি টুর্নামেন্ট জয়ের সুযোগ ভারতের সামনে। সেই সুযোগটাই কাজে লাগাতে চান কোহলি, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যে চাপ নিয়ে খেলেছি, এখানেও সেভাবেই খেলতে চাই। কারণ, দুটি টুর্নামেন্টই খুব ছোট। শুরু থেকেই জিততে হবে। একটা ম্যাচ খারাপ হলেই চাপ বেড়ে যাবে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের মানসিকতা নিয়েই এখানে খেলতে চাই।’
নিউজিল্যান্ড ৩২০; পাকিস্তানের ৩ পেসারই দিলেন ২১৪ রান
উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন উইল ইয়ং
অবশেষে পাকিস্তানের স্টেডিয়ামে উড়ল ভারতের পতাকা