রাত পোহালেই বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ভারত। তার আগের দিন আজ বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসা ভারত অধিনায়ক রোহিত শর্মাকে অস্বস্তিতে ভুগতে দেখা গেছে। বারবার তিনি কাশছিলেন। তাকে পানি পান করতে বলা হলেও তা প্রত্যাখ্যান করে বলেন- ‘আমি ঠিক আছি’।
ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন তৈরি হয়েছে যে, নিজেদের প্রথম ম্যাচে রোহিত শর্মা খেলবেন কিনা। রোহিতের ‘অসুস্থতা’ ছাপিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে পাঁচ স্পিনার নিয়ে দল সাজানোর বিষয়ে। জবাবে রোহিত বলেন, ‘আমাদের দুজন স্পিনার এবং তিনজন অল-রাউন্ডার আছে। তাই আমি পাঁচ স্পিনার বলব না। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর আমাদের ব্যাট হাতে ভরসা দেয়।’
হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। এখানে ভালো করতে হলে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার তাগিদ দেন রোহিত, ‘আমি মনে করি, যত তাড়াতাড়ি সম্ভব উইকেট পড়ে ফেলতে হবে। অতীতে আমরা এখানে অনেক ম্যাচ খেলেছি। যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে হবে এবং পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। কয়েকজন সতীর্থকে চোটের কারণে মিস করব। তবে আমাদের বিকল্প আছে।’