ভারতকে হারানোর উপায় জানেন শান্ত, দরকার বাস্তবায়ন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম

ভারতের বিপক্ষে কঠিন ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় দুবাইয়ে মুখোমুখি হবে প্রতিবেশী দুটি দল। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানেন, কোন কোন জায়গায় ভারতকে চাপে ফেলা সম্ভব। দরকার শুধু পরিকল্পনা বাস্তবায়নের।

আজ বুধবার দুবাইয়ে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ভারতকে হারাতে গেলে সব বিভাগেই ভালো পারফর্মেন্স করতে হবে। ভারতের বিপক্ষে আমাদের বেশ কিছু ভালো স্মৃতি আছে। যদি আমরা নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারি, তাহলে জয়ের সম্ভাবনা আছে।’

নিজেদের শক্তির জায়গা নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমাদের দলে বেশ কিছু ভালো অল-রাউন্ডার আছে। আমরা তাদের ওপর আস্থা রাখি। আসলে এই টুর্নামেন্টে যেকোনো দলই জিততে পারে। আমরাও চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া চেষ্টা করব। তবে এখন থেকেই বেশি কিছু ভাবছি না।’

অল-রাউন্ডারদের পাশাপাশি বাংলাদেশের বড় শক্তি এখন পেস আক্রমণ। তবে তা নির্ভর করছে দুবাইয়ের উইকেটের ওপর। শান্ত বলেন, ‘আমাদের দলের পেসারেরা খুবই ভালো। নাহিদের মতো বোলারকে পেয়ে আমরা গর্বিত। সে কাল সুযোগ পেলে সেরাটাই উজার করে দেবে। আমাদের দলে স্পিন এবং পেস বিভাগের ভারসাম্য আছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না ভারতের পেস আক্রমণের নেতা জসপ্রিত বুমরা। ইনজুরির কারণে তিনি এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। বুমরার অনুপস্থিতি বাড়তি সুবিধা দেবে কিনা- এমন প্রশ্নে শান্তর জবাব, ‘বুমরা কিংবা কোনো নির্দিষ্ট ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আমরা চিন্তা করছি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত