সারা বিশ্বে সুকুক বন্ড খুবই জনপ্রিয় এবং বাজারের জন্য কার্যকরী প্রোডাক্ট। তবে বিগত নিয়ন্ত্রক সংস্থা ও সরকার অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ায় সুকুকের অপব্যবহার করা হয়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেছেন। যারা বন্ড ও সুকুকের অপব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিও জানিয়েছেন তারা। তারা বলেন, একটি দেশের শক্তিশালী অর্থনীতির জন্য প্রয়োজন প্রাণবন্ত পুঁজিবাজার। আর পুঁজিবাজারকে প্রাণবন্ত করতে বন্ড মার্কেটের ভূমিকা অনস্বীকার্য।
গতকাল বুধবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বিআইসিএম যৌথভাবে আয়োজিত ‘আন্ডারস্ট্যান্ডিং বন্ড অ্যান্ড সুকুক মার্কেট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এ কথাগুলো বলেন তারা। রাজধানীর তোপখানা রোডে বিআইসিএম মিলনায়তনে এ কর্মশালা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআইসিএমের ভারপ্রাপ্ত নির্বাহী প্রেসিডেন্ট নাজমুস সালেহীন, সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া, সাবেক সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী। সঞ্চালনা করেন বিআইসিএমের প্রভাষক ফাইমা আক্তার।
নাজমুস সালেহীন বলেন, বিআইসিএম দক্ষ জনশক্তি তৈরির কাজ করে যাচ্ছে। পুঁজিবাজারের জন্য এ প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু দুঃখজনক হলো, প্রয়োজন অনুযায়ী আমরা জনশক্তি পাচ্ছি না। তিনি বলেন, বিআইসিএম এ অ্যাপ্লাইড ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট নিয়ে মাস্টার্স প্রোগ্রাম রয়েছে। যার সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদান করে। এখানেও আমরা শিক্ষার্থী পাচ্ছি না। শিক্ষার্থী পাওয়া নিয়ে আমরা সমস্যায় আছি।