অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে ৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভীনের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
একটি মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক গণপূর্তমন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ৮ কোটি ৮৬ লাখ ১১ হাজার টাকা নিজ ভোগদখলে রাখেন। তার নিজ নামে ১২টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহভাজন লেনদেন করা হয়েছে।
অন্যদিকে দ্বিতীয় মামলায় স্ত্রী ফিরোজা পারভীন ও শ ম রেজাউল করিমকে আসামি করা হয়েছে। ওই মামলায় তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
গত বছর সেপ্টেম্বরে রেজাউল করিমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে বরিশালের নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে স্থাবর সম্পদ রয়েছে। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় এবং প্রশিক্ষণের নামে ২৫ কোটি টাকা আত্মসাৎসহ দেশ-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।