সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে ও আদাবর থানা এলাকার ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধঘোষিত সংগঠন) নেতা রুবেল আহমেদকে (৩২) গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানার মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে এ তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ড্রাইভার রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিদেশে পলাতক নেতাদের নির্দেশে মোহাম্মদপুর এলাকায় আন্দোলন ও ধ্বংসাত্মক কাজ চালানোর চেষ্টার অভিযোগ রয়েছে। তার অপকর্মের বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সে আত্মগোপন করে। রুবেলের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, সেগুলো যাচাই করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।