দুর্দান্ত হ্যাটট্রিকে সিটির বিদায়ঘণ্টা বাজালেন এমবাপ্পে

হতশ্রী পারফরম্যান্সে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ঘণ্টা বেজে গেল ম্যানচেস্টার সিটির। প্লে অফের দ্বিতীয় লেগে সিটিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তিনটি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে প্লে অফ পেরিয়ে পরের পর্বে পৌঁছে গেল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।

বুধবার রাতের ম্যাচটির প্রথমার্ধেই দুই গোল করে বসেন এমবাপ্পে। ৫ম মিনিটে রাউল অ্যাসেনসিও বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে পাঠান ফরাসি তারকা। একের পর এক আক্রমণে সিটির নাভিশ্বাস তুলে ছাড়ে রিয়াল। ৩৩ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে সিটির বিদায় অনেকটাই নিশ্চিত করে দেন এমবাপ্পে।

বিরতির পরও সুবিধা করতে পারেনি সিটি। ৬১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে সিটির যন্ত্রণা আরও বাড়িয়ে দেন এমবাপ্পে। শেষ দিকে নিকো গঞ্জালেস সিটির হয়ে একটি গোলও শোধ করেন। কিন্তু ততক্ষণে ম্যাচ সিটির হাত থেকে বেরিয়ে গেছে। দুই লেগ মিলিয়ে রিয়াল জয় পেয়েছে ৬-৩ ব্যবধানে। এভাবেই ব্যর্থতায় ভরা এক প্রতিযোগিতা শেষ করলেন পেপ গার্দিওলা।